শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহীতে রোনালদো ভক্তদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক ২৩ জুন ২০২৬ ১১:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৩ জুন ২০২৬ ১১:১৫ অপরাহ্ন
রাজশাহীতে রোনালদো ভক্তদের মিলনমেলা

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে স্মরণীয় রাখতে রাজশাহীতে মিলনমেলার আয়োজন করেছে ‘ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্যান গ্রুপ বাংলাদেশ’। মঙ্গলবার (২৩ জুন) সকালে দেশের ৬৪ জেলা থেকে দুই শতাধিক পর্তুগাল সমর্থক নগরীর আলুপট্টি এলাকার একটি কমিউনিটি সেন্টারে জড়ো হন।


দিনব্যাপী এই আয়োজনে সকালে পরিচিতি পর্বের পর দুপুরে রোনালদোর বর্ণিল ক্যারিয়ার ও জীবনকর্ম নিয়ে আলোচনা করা হয়। বিকেলে পর্তুগাল ও রোনালদো বিষয়ক কুইজ প্রতিযোগিতা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের পর্তুগালের জার্সি উপহার ও ভুরিভোজের ব্যবস্থা করা হয়। 


মঙ্গলবার (২৩ জুন) রাতে পর্তুগাল ও উজবেকিস্তানের মধ্যকার ম্যাচটি সমর্থকরা একসাথে বড় পর্দায় উপভোগ করবেন। কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পর্তুগাল আসর শুরু করলেও, ভক্তদের বিশ্বাস আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার পায়ের জাদুতে ঘুরে দাঁড়াবে দল। 


ফ্যান গ্রুপের সভাপতি আব্দুল কাদের এবং আয়োজক মিজানুর রহমান আলো জানান, দীর্ঘ পথের ক্লান্তি ভুলে প্রিয় ফুটবলারের প্রতি ভালোবাসা থেকেই ভক্তরা রাজশাহীতে এসেছেন। তাদের সবার একটাই চাওয়াÑরোনালদো যেন নিজের শেষ বিশ্বকাপে শিরোপা ছুঁয়ে দেখতে পারেন।