শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি ২৩ জুন ২০২৬ ১১:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৩ জুন ২০২৬ ১১:২৫ অপরাহ্ন
নাটোরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় আয়েশা (৬) নামে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 


মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার শ্রীরামপুর গ্রামে নিজ বাড়ির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত আয়েশা উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল আলীমের মেয়ে। সে স্থানীয় ইকরা ইসলামিক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আয়েশা তার বাবার সঙ্গে ইজিবাইকে করে বাড়ি ফিরছিল। বাড়ির সামনে ইজিবাইক থেকে নেমে তার বাবা ভাড়া পরিশোধ করছিলেন। এ সময় আয়েশা একাই রাস্তা পার হওয়ার চেষ্টা করলে নাটোর থেকে বাগাতিপাড়াগামী একটি দ্রুতগতির ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।


স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।


বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ রাজশাহীতে রয়েছে। খবর পেয়ে আমরা শিশুটির বাড়িতে পুলিশ পাঠিয়েছি। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।