শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী থেকে আম কিনে ফেরা হলো না যুবকের

নাটোর প্রতিনিধি ২৪ জুন ২০২৬ ১২:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৪ জুন ২০২৬ ১২:১৯ অপরাহ্ন
রাজশাহী থেকে আম কিনে ফেরা হলো না  যুবকের

নাটোর শহরে সড়ক দুর্ঘটনায় রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবকের  মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে  রাজশাহী-ঢাকা মহাসড়কের হরিশপুর বাইপাস এলাকায় ভাই ভাই হার্ডওয়্যারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম গাজীপুর জেলার জয়দেবপুর থানার বানিয়াচালা এলাকার বাসিন্দা মুদি ব্যবসায়ী মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে আম কিনে প্রায় ৩০ জন ব্যবসায়ী ‘সৌখিন’ নামে একটি রিজার্ভ বাসে করে গাজীপুরে ফিরছিলেন। পথে নাটোরের হরিশপুর বাইপাস এলাকায় বাসটি থামানো হলে রাকিবুল ইসলাম মিষ্টি কেনার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই রাকিবুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার  (ওসি) মাহবুবুর রহমান  বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও জব্দে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।