শনিবার, আগস্ট ২২, ২০২৬

সাবেক মেয়র বাবলুর মৃত্যুতে ঈশ্বরদীতে ৩ দিনের শোক

ঈশ্বরদী প্রতিনিধি ০৫ জুলাই ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ০৫ জুলাই ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন
সাবেক মেয়র বাবলুর মৃত্যুতে ঈশ্বরদীতে ৩ দিনের শোক

পাবনার ঈশ্বরদী পৌরসভার ৩ বারের সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু’র মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে ঈশ্বরদী। তাঁর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতা-কর্মী, স্বজন ও সাধারণ মানুষ। বিএনপি ও ঈশ্বরদী পৌরসভা কর্তৃপক্ষ, ঈশ্বরদী প্রেসক্লাব, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ, সম্মিলিত নাগরিক কমিটি ছাড়াও বিভিন্ন সংগঠন ঈশ্বরদীতে ৩ দিনের শোক কর্মসূচী ঘোষণা করেছে। বাবলু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। 

রোববার (৫ জুলাই) ঈশ্বরদী পৌরসভায় শোকসভার মাধ্যমে পৌর কর্তৃপক্ষ তিন দিনের শোক কর্মসূচী ঘোষণা করে। সাবেক মেয়র বাবলুর সম্মানে কালোব্যাজ ধারণ, শোক সভা শেষে পৌরসভায় দুপুর ১২টার পর থেকে ছুটি ঘোষণা করা হয়। ঈশ্বরদী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) মো. জহুরুল ইসলাম জানান, এই পৌরসভায় তিনি ৩ বার মেয়র ছিলেন, তাঁর প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করতে এই শোক কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকেও ৩ দিনের শোক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে শোক পতাকা উত্তোলন, শোক সভা ও বিশেষ দোয়া ছাড়াও মরহুমের কবর জিয়ারত করার কর্মসূচী রয়েছে। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, মকলেছুর রহমান বাবলু ছিলেন একজন নিবেদিত বিএনপি অন্তপ্রাণ নেতা। তিনি বিএনপি’র জাতীয় কমিটির অন্যতম সদস্য হয়েও সাধারণ মানুষের নিকট তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর মৃত্যুতে ঈশ্বরদীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা পুরণ হওয়ার মত নয়। কলাম লেখক মোশাররফ হোসেন মুসা বলেন, আদর্শ ও ব্যাক্তিত্বের কারনে রাজনৈতিক ও দলীয় পরিচয় ছাড়িয়ে মকলেছুর রহমান বাবলু ঈশ্বরদীতে সাধারণ মানুষের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকার সময়ে এবং বিরোধী দলের অবস্থানে থাকার সময়েও তিনি বারবার বিপুল ভোটে ঈশ্বরদীর মেয়র নির্বাচিত হয়ে জনপ্রিয়তার স্বাক্ষর রেখেছেন। রাজনীতির বাইরেও যে মানুষ কতটা জনপ্রিয় হতে পারে মকলেছুর রহমান বাবলু তার প্রকৃষ্ঠ উদাহরণ। ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের নির্বাহী সদস্য আশিকুর রহমান লুলু বলেন, শুধু মেয়র হিসেবে কিংবা বিএনপির নেতা হিসেবে নয় মকলেছুর রহমান বাবলু ছিলেন সাধারণ খেটে খাওয়া মানুষের আশ্রয় ও ভরসার স্থল।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, তুমুল বৃষ্টি উপেক্ষা করে তাঁর জানাজা নামাজে অংশগ্রহণকারী হাজার হাজার মানুষের উপস্থিতিই প্রমান করে তিনি ঈশ্বরদীর মানুষের নিকট কতটা জনপ্রিয় ছিলেন। এদিকে বাবলুর মৃত্যুতে ঈশ্বরদী প্রেসক্লাব, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ঈশ্বরদীতে ৩ দিন ব্যাপী বিভিন্ন শোক কর্মসূচী পালন করা হচ্ছে। প্রসঙ্গত: শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা নিয়ে শনিবার দুপুুরে মকলেছুর রহমান বাবলুর মৃত্যু হয়। শনিবার রাত দশটায় ঈশ্বরদীর লোকো ফুটবল মাঠে ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দু’দফায় জানাজা শেষে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে তার জানাজায় সরকারের মন্ত্রী, সরকার ও বিরোধী দলীয় কয়েকজন এমপি, বিএনপির কেন্দ্রীয় নের্তৃবৃন্দ, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছাড়াও হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।