শনিবার, আগস্ট ২২, ২০২৬

নট্যজন তাজুল ইসলাম আর নেই

সংবাদ বিজ্ঞপ্তি ২৪ জুলাই ২০২৬ ১১:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৪ জুলাই ২০২৬ ১১:১১ অপরাহ্ন
নট্যজন তাজুল ইসলাম আর নেই

বিশিষ্ট নাট্যজন মোঃ তাজুল ইসলাম ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল পনে দশটায় রাজশাহী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৪ জুলাই শুক্রবার দুপুর ১.৪৫মিনিটে জুম্মা নামাজের পর জানাজা শেষে তাকে টিকাপাড়া গোরস্থানে সমাহিত করা হয়।


মোঃ তাজুল ইসলাম ১৯৪৬ সালের ৩জানুয়ারি অবিভক্ত ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গাউস আলি, মাতা- জুলেখা বেগম। তিনি রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে উচ্চমান সহকারী হিসেবে দীর্ঘদিন চাকুরী শেষে অবসর জীবন যাপন করছিলেন। 


রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনে তাজুল ইসলাম একটি অতি পরিচিত নাম। ছাত্র জীবনে মুকুলফৌজের সক্রিয় সদস্য ছিলেন। পাড়া-মহল্লায় নানাবিধ সাংস্কৃতিক ও ক্রীড়ার উদ্যোগে তিনি ছিলেন অদ্বিতীয়।  আশির দশকের শেষের দিকে তিনি রংধনু নাট্যচক্রের সাথে যুক্ত হন। ১৯৮৫ সালের ২৭ ডিসেম্বর প্রতিষ্ঠা করেন রাজশাহী থিয়েটার। তিনি ছিলেন রাজশাহী থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ২০০০ সালের ১৪ জানুয়ারি “চাই নির্ভীক সংস্কৃতি নির্মল আনন্দ” শ্লোগানকে সামনে নিয়ে নিজ এলাকার শিশু-কিশোরদের সমন্বয়ে নিজ বাড়িতে গড়ে তুলেন “কচিপাতার থিয়েটার”। রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা নিয়ে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইলামিত্র অঞ্চলের সমন্বয়কারী হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাবেক কেন্দ্রীয় পরিষদ সদস্য ছিলেন। রাজশাহী থিয়েটারের সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাজুল ইসলাম একাধিক মঞ্চনাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তন্মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘খ্যাতির বিড়ম্বনা’ দ্বিজেন্দ্রলাল রায়ের ‘পুনর্জন্ম’, নিতাই কুমারের ‘দেওয়ানা মদিনা’ উল্লেখযোগ্য। অভিনিত চলচ্চিত্র: আহসান কবীর লিটনের-প্রত্যাবর্তন, স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র : জীবন শাহাদাৎ এর নেমপ্লেট, এএইচ রাজীবের আসল ও নকল, সুপিন বর্মনের The Rebel of Mind,  নির্মাতা রাহির A Breath of goodbye, তাওকির  ইসলাম সাইকের জনপ্রিয় ওয়েব সিরিজ সিনপাট উল্লেখযোগ্য।

তিনি স্ত্রী, দুই কণ্যা, দুই পুত্র, নাতিপতি সহজ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।