শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতির বাড়িতে ককটেল

বাগমারা প্রতিনিধি ২৫ জুলাই ২০২৬ ১০:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি ২৫ জুলাই ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতির বাড়িতে ককটেল

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক প্রামাণিকের বাসভবনে শুক্রবার রাতে ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (২৫জুলাই) দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুর রাজ্জাক প্রামাণিক। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত তাঁর বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আব্দুর রাজ্জাক প্রামাণিক দাবি করেন, এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং তাঁকে রাজনৈতিকভাবে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, এ ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসী ও দুর্বৃত্তচক্র জড়িত থাকতে পারে। 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান ও তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আনম সামছুর রহমান মিন্টু বলেন, আমাদের একত্রিত থেকে দুষ্কৃতকারীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। অতি সত্বর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন তারা। 

এর আগে হামলার প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান, সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ.ন.ম. শামসুর রহমান মিন্টুসহ স্থানীয় নেতারা। বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

বাগমারা থানার অফিসার ইনচার্র্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে তিনটি তাজা অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে এবং একটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। শনিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।