শেরপুরে উদযাপিত হলো ‘নজরুল বর্ষ’
বগুড়ার শেরপুরে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা ও সাংবাদিক ইফতেখার আলমের সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক, লোকগবেষক ইমরান উজ জামান, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নজরুল সংগীত শিল্পী তাপসী রায়, সাইফুল ইসলাম সহ আরও অনেকে।
অনুষ্ঠানক বক্তারা বলেন,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা, বিদ্রোহী মনন এবং বাংলা সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নজরুল সংগীত, নৃত্য এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানটির সমাপ্তি হয়।