নগরীতে অনলাইন জুয়ার অভিযোগে তিনজন গ্রেফতার
রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ টিম। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত সোয়া ৩টার দিকে থানা ও গোয়েন্দা পুলিশের বাইরে আরএমপির বিশেষ টিম মতিহার থানার ডাঁশমারী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন, ডাঁশমারী গ্রামের আব্দুল্লাহ আল মামুন ওরফে জীবন (৩৫), একই গ্রামের দেলোয়ার হোসেন ওরফে রোকন (৩৪) এবং খোঁজাপুর মধ্যপাড়া গ্রামের হাসিবুল হাসান শান্ত (২৬)।
অভিযানকালে তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।