শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে বিএনপি কার্যালয় মেরামতের অজুহাতে সরকারি গাছ বিক্রি

ঈশ্বরদী প্রতিনিধি ২৬ জুলাই ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৬ জুলাই ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
ঈশ্বরদীতে বিএনপি কার্যালয় মেরামতের অজুহাতে সরকারি গাছ বিক্রি

পাবনার ঈশ্বরদীতে বিএনপির কার্যালয় মেরামত করার নামে সড়কে থাকা পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি মাঝারি আকারের মেহগনি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির একাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে। কেটে ফেলা একটি গাছ বৈদ্যুতিক তার ও ট্রান্সফর্মার এবং ২৬টি বাড়ির বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্থানীয় এক বাসিন্দা বিদ্যুৎস্পর্শে আহতও হয়েছেন। এ ঘটনার জেরে এলাকার শতাধিক পরিবার গত দুই দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎস্পর্শে আহত বক্কার সরদারের ছেলে ইয়ারুল সরদার (৩৫) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

রোববার (২৬ জুলাই) ওই গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার বৃষ্টির মধ্যে পাকুড়িয়া গ্রামে স্থানীয় বিএনপি নেতা শাহিনুর রহমান স্বপন ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লিপনসহ কয়েকজন সাহাপুর এলাকার কাঠ ব্যবসায়ী মোস্তাকের কাছে গাছগুলো বিক্রি করেন। এর মধ্যে তিনটি গাছ কেটে সরিয়ে নেওয়া হলেও একটি গাছ কাটার সময় বিদ্যুতের তারের ওপর পড়ে ট্রান্সফর্মারটি বিস্ফোরিত হয়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জালাল সরদার, সাইফুল ইসলাম, ঝলক, রিপন, শিপন, বিপু, হায়াতুল্লাহ ও সজীবসহ অনেকে অভিযোগ করেন, বিএনপি নেতাদের সরকারি গাছ কাটার মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা শাহিনুর রহমান স্বপন বলেন, বৃষ্টিতে লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের ক্ষতিগ্রস্থ টিনের চালা মেরামতের প্রয়োজনে গাছগুলো কাটা হয়েছে এতে যে ক্ষতি হয়েছে তা সবাই মিলে সমাধানের চেষ্টা করা হবে। তবে অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা বা বিক্রি করা যায় কি না জানতে চাইলে তিনি দাবি করেন, গাছগুলোর মালিক সমিতি ও সরকার এবং সেগুলো বিক্রি নয়, শুধু অফিস মেরামতের কাজে ব্যবহারের জন্য করাতকলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা বন কর্মকর্তা মো. ফসিউর রহমান জানান, ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে এবং গাছ কাটার সঙ্গে জড়িতদের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক দলের কার্যালয় মেরামতের অজুহাতে অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা আইনত অপরাধ। স্থানীয় বিএনপি নেতারা এ ব্যাপারে কোনো অনুমতি নেননি, চুরি করেই তারা গাছ কেটেছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মাদ শোয়াইব জানান, বিষয়টি অবগত হওয়ার পর সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতিনিধিদের ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, ইউনিয়ন পরিষদ ও পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, পুলিশও ঘটনাটি তদন্ত করছে।