নাটোরে মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন
নাটোরে সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, নাটোর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, আমরা বছরের পর বছর কাজ করছি, কিন্তু কোনো স্থায়ীত্ব নেই। যে কোনো সময় চাকরি হারানোর ভয় নিয়ে কাজ করতে হচ্ছে। মানববন্ধন চলাকারে বক্তারা বলেন, “দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫” অবিলম্বে বাতিল করতে হবে। একই সঙ্গে আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে কর্মচারীদের হস্তান্তর বন্ধ করে, বয়স শিথিল রেখে নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ী করার দাবি জানান তারা।
সভাপতি আনছার আলী বলেন, “আমাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।” সাধারণ সম্পাদক রাসেল শেখ বলেন, “আমরা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছি, আশা করি দ্রুত সমাধান আসবে।
তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। বিনা কারণে চাকরিচ্যুতির প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচি থেকে কঠোর আলটিমেটামও দেওয়া হয়।
এদিকে দাবি আদায় না হলে আগামী ৯ আগস্ট ঢাকায় মহাসমাবেশে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন কর্মচারীরা। দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন আরও বিস্তৃত হতে পারে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।