দুর্গাপুরে চুরির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩
রাজশাহীর দুর্গাপুরে একটি বাসা বাড়িতে চুরির ঘটনায় চুরি হওয়া মালামাল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। রোববার (২৬ জুলাই) দুর্গাপুর থানার এসআই আব্দুল মজিদ, এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোসে নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, দুর্গাপুর পৌর এলাকার সিংগা পশ্চিমপাড়া গ্রামের মৃত মেহের মণ্ডলের ছেলে আলমগীর হোসেন (৩৯), হোসেন আলীর ছেলে মোহাম্মদ পিয়ারুল ইসলাম (২২) এবং মৃত আক্কাস আলীর ছেলে জসিম (৪০)।
পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাতে সিংগা গ্রামের আলাউদ্দিন মাস্টারের ছেলে ছাত্রদল নেতা রিমনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্গাপুর থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় শনিবার রাতে মামলা দায়ের করা হয়। সেই মামলার পেক্ষিতে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি এলইডি টেলিভিশন, একটি ব্যাটারি, একটি বিছানার চাদর ও একটি তোয়ালে উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মজিদ জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। রবিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ‘দুর্গাপুর থানাকে একটি মডেল থানায় রূপান্তরের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করছি। এলাকায় চুরি, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের কোনো স্থান নেই। অপরাধের খবর পাওয়া মাত্রই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’