সিলেট থেকে অপহরণকারী পারভেজ চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার জামতলা বাগানপাড়া হতে অপহরণ চক্রের মূলহোতা এজাহারনামীয় আসামি পারভেজ আহমদ (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত পারভেজ আহমদ সিলেট জেলার শাহপরাণ (রহঃ) থানার কানুগুল এলাকার মৃত কুটন মিয়ার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার মোশরীভুজা, জামতলা বাগানপাড়াস্থ জনৈক মজিবুরের বাড়ী হতে ২৫ জুলাই সন্ধ্যা রাত ৭টার দিকে অপহরণ চক্রের মূলহোতা এজাহারনামীয় ১নং আসামি পারভেজ আহমদ (৩০)’কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। ঘটনা ও এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী একই এলাকার সাজিদ আলী এর সাথে ১নং বিবাদী পারভেজ আহমদ পূর্ব পরিচিত।
ঘটনার আনুমানিক এক সপ্তাহ পূর্বে বাদীর পরিবারের সদস্য ও বাদীর মেয়ে ভিকটিম, বয়স ১৫ বছর, একটি বিবাহ অনুষ্ঠানে বিবাদীর চালিত নোহা গাড়ীযোগে যাতায়াত করে। সেই সুবাদে বিবাদী কৌশলে বাদীর মোবাইল নম্বর সংগ্রহ করে এবং পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল হতে বাদীর নম্বরে যোগাযোগ করাসহ বাদীর মেয়েকে বিভিন্নভাবে বিবাহের প্রলোভনসহ কুপ্রস্তাব দেয়। ১২/০৭/২০২৬ তারিখ আনুমানিক সকাল ০৯:০০ ঘটিকায় বাদীর স্ত্রী ছোট ছেলেকে নিয়ে স্কুলে যায় এবং বাদী জীবিকার তাগিদে বাহিরে যায়। বাড়িতে বাদীর অন্ধ ছেলে ও ভিকটিম অবস্থান করছিল।
এই সুযোগে পূর্বপরিকল্পিতভাবে আনুমানিক সকাল ১০:৫০ ঘটিকার সময় ১নং বিবাদী পারভেজ আহমদ, অজ্ঞাতনামা ৩/৪ জন সহযোগীসহ একটি নোহা গাড়ী নিয়ে বাদীর বসতবাড়ীর সামনের মেইন রাস্তার উপর অবস্থান নেয়। একপর্যায়ে বাদীর নাবালিকা মেয়ে ভিকটিম ঘর হতে বাইরে আসামাত্রই ১নং বিবাদী পারভেজ আহমদ ও তার অজ্ঞাতনামা সহযোগীরা জোরপূর্বক বাদীর নাবালিকা মেয়েকে মুখ চেপে ধরে গাড়ীতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উল্লিখিত বিষয়ে বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে এসএমপি সিলেট শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-২০ তারিখ-১৯ জুলাই ২০২৬, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৩০ রুজু হয়। আসামি ও উদ্ধারকৃত অপহৃত ভিকটিমকে মামলা তদন্তকারী কর্মকর্তাকে বুঝিয়ে দেওয়ার নিমিত্তে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিরাপদ হেফাজতে রাখার জন্য হস্তান্তর করা হয়েছে।