শনিবার, আগস্ট ২২, ২০২৬

‘ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ জুলাই ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ জুলাই ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন
‘ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টেকসই ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে কর্ডএইড (Cordaid) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর আয়োজনে দুই দিনব্যাপী “ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর  পাবলিক এজেন্সিস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের লং বিচে হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সোমবার (২৭ জুলাই) প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন রাসিক প্রশাসক।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন দেশের অন্যতম অগ্রণী স্থানীয় সরকার প্রতিষ্ঠান, যা সমন্বিত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, দক্ষ সংগ্রহ ব্যবস্থা, কার্যকর পরিবহন এবং সুশৃঙ্খল বর্জ্য নিষ্পত্তির মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন দেশের অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভার জন্য একটি অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইএলও কক্সবাজার অফিসের হেড রুচিকা বাহেল এবং কর্ডএইড এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মো. এহসানুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।


কর্মশালায় পৌর এলাকায় উন্নত ও টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে উৎসভিত্তিক বর্জ্য পৃথকীকরণ, দক্ষ সংগ্রহ ও পরিবহন ব্যবস্থা, নিরাপদ বর্জ্য নিষ্পত্তি, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের কার্যকর ব্যবহার, পরিচ্ছন্নতা কর্মীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।


প্রশিক্ষণ কর্মশালায় কক্সবাজার, টেকনাফ, মহেশখালী ও চকরিয়া পৌরসভার প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শ্রম পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।