২০০ মিটার স্প্রিন্টে দেশসেরা লালপুরের আমান
নাটোরের লালপুর উপজেলার কিশোর অ্যাথলেট মোহাম্মদ আমান নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের অ্যাথলেটিকসের ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়েছেন।
রোববার (২৬ জুলাই) ঢাকার বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি এই সাফল্য অর্জন করেন। আমান উপজেলার রুইগাড়ী গ্রামের আক্তারুজ্জামানের ছেলে এবং রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ।
মোহাম্মদ আমান বলেন, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে। ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে সেকেন্ড লেফটেন্যান্ট হতে চাই। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের জন্য সম্মান বয়ে আনাই আমার স্বপ্ন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ বলেন, মোহাম্মদ আমানের এই অর্জন লালপুরবাসীর জন্য গর্বের। তার মতো প্রতিভাবান ক্রীড়াবিদদের এগিয়ে নিতে উপজেলা প্রশাসন সব সময় উৎসাহ দেবে। আমরা আশা করি, ভবিষ্যতে সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও সাফল্য বয়ে আনবে।