শনিবার, আগস্ট ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ঈশ্বরদীতে যুবককে কুপিয়ে জখম

ঈশ্বরদী প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ঈশ্বরদীতে যুবককে কুপিয়ে জখম

পাবনার ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় জনি প্রামানিক নামে এক যুবকের ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরতর জখম করা হয়েছে। হামলার সময় পিস্তল দেখিয়ে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আহতের স্বজনরা। ঈশ্বরদীকে মাদকমুক্ত করতে থানা পুলিশের অভিযানের মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে।


রোববার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরমবাড়িয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত জনি প্রামানিক (৩৩) উপজেলার সাঁড়া ইউনিয়নের আরমবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর প্রামানিকের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহত জনির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদের বাড়ির পেছনে দীর্ঘদিন ধরে একটি চক্র প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। একই সঙ্গে সেখানে নিয়মিত মাদকের আড্ডা বসত। এ নিয়ে জনি প্রামানিক ও তার পরিবারের পক্ষ থেকে একাধিকবার প্রতিবাদ জানানো হলে স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়।


রোববার রাতে অভিযুক্তরা প্রথমে জনির ছোট ভাইকে মারধর করে। বিষয়টি থামাতে গেলে দেশীয় অস্ত্র, চাকু, লাঠি ও লোহার রড নিয়ে জনির ওপর অতর্কিত হামলা চালানো হয়।


এ হামলার সময় অভিযুক্ত সবুজ সরদার ও জয় সরদার তাদের কাছে থাকা পিস্তল প্রদর্শন করে গুলি করে হত্যার হুমকি দেয়। পরে জনিকে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি চাকু দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে ফের বেদম মারধর করে। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় জনিকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, ছুরিকাঘাতের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।