শনিবার, আগস্ট ২২, ২০২৬

প্রেমে রাজি না হওয়ায় রাবি শিক্ষার্থীকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ

রাবি প্রতিবেদক ২৭ জুলাই ২০২৬ ১০:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২৭ জুলাই ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
প্রেমে রাজি না হওয়ায় রাবি শিক্ষার্থীকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছুরি ও পিস্তলের ভয় দেখিয়ে হুমকি এবং ধারাবাহিক মানসিক হয়রানির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টায় দিকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।


অভিযুক্ত মহসিন আলম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী। ভুক্তভোগী একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


লিখিত অভিযোগে বলা হয়, ২২ জুলাই থেকে অভিযুক্ত বিভিন্নভাবে ভুক্তভোগীকে উত্ত্যক্ত, হয়রানি ও মানসিকভাবে বিপর্যস্ত করে আসছিলেন। একপর্যায়ে তিনি ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও তিনি ২৬ জুলাই বিকেলে অভিযুক্ত জোর করে ভুক্তভোগীকে পদ্মা নদীর পাড়ে নিয়ে গিয়ে আবারও প্রেমের প্রস্তাব দেন। দ্বিতীয়বারও প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি একটি ছুরি বের করে ভয়ভীতি প্রদর্শন করেন এবং নিজের কাছে পিস্তল রয়েছে বলেও হুমকি দেন। পরে তিনি কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত তাকে মেসে পৌঁছে দেওয়ার কথা বললেও পথের মধ্যে রুয়েট এলাকা থেকে আবারও পদ্মার পাড়ে নিয়ে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন।  এরপর দীর্ঘ সময় কান্নাকাটির পর তাকে মেসে পৌঁছে দেওয়া হয়।


এক পর্যায়ে অভিযুক্ত ফোন করে আত্মহত্যার কথা বলেন। একই সঙ্গে ভুক্তভোগীকে অভিযুক্তের এক সহযোগী বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।


অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মহসিন আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।