মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম, মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কাশিয়াডাঙ্গা এবং শাহমখদুম থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী ও ৩ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে থানা ও ডিবি পুলিশের বাইরে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে রেল লাইনের ধারে অভিযান চালিয়ে একই থানার বহরমপুর (শেষ মাথা) গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. সুরুজ (২০) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাকনহাট (দরগাপাড়া) গ্রামের মো. নয়ন আলীর ছেলে মো. মিজান আলী (২২)-কে গ্রেপ্তার করে। এ সময় সুরুজের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১১৪ গ্রাম গাঁজা এবং মিজানের হেফাজত থেকে ৩৯.৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে গত সোমবার সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ চন্দ্রিমা থানার মেহেরচন্ডী কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে একই থানার মেহেরচন্ডি দক্ষিণপাড়া গ্রামের মৃত করিমের ছেলে সাকিল আহম্মেদ ওরফে শাফিন (৪০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং ১ হাজার ৫শ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামির অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় শাফিনের বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ৪টি মাদক মামলার তথ্য পাওয়া যায়।
এছাড়াও মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মামুন শেখ (৩৬)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে মামুন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির অপরাধসংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় মামুনের বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ৩টি মাদক মামলার তথ্য পাওয়া যায়।
তাছাড়াও সোমবার সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কোর্ট স্টেশন মোড় এলাকায় অভিযান চালিয়ে একই থানার হড়গ্রাম পীরসাহেব পাড়া গ্রামের মৃত শয়াব আলীর ছেলে আবু সাইদ (৫৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে গত রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শাহমখদুম থানা পুলিশ বড় বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই থানার ডাঙ্গিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৪৮), বড়বনগ্রাম মাস্টারপাড়া গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে আহাদ আলী (৩৮) এবং দক্ষিণ নওদাপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে আব্দুল খালেক (৪০)-কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা সেবনের কথা স্বীকার করেন। পরবর্তীতে বিভাগীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের এবং পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।