চার শতাধিক শিশু ও অসহায় মানুষ পেল খাবার
সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছে আমেরিকান সাহায্য সংস্থা ‘ইকো’। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরী ও গোদাগাড়ী উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত এ কর্মসূচিতে চার শতাধিক শিশু ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। ইকোর উদ্যোগে রাজশাহী শহরের তিনটি এতিমখানা, ছোটমনি নিবাস এবং গোদাগাড়ীর একটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এসব স্থানে প্রায় সাড়ে চারশ মানুষ খাবার পেয়েছেন। খাবার বিতরণের সময় শিশুদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়। দীর্ঘদিন ভালো মানের খাবার খেতে না পারা এক প্রতিবন্ধী শিশু ও এক এতিম শিশু এ উদ্যোগকে তাদের জন্য বিশেষ উপহার হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্য ফারুক হোসেন, সমাজসেবক নিশানুর রহমান এবং ‘ওয়ে টু জান্নাহ’র প্রতিষ্ঠাতা ইব্রাহিম আবিদ। এ সময় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ইকোর মতো সংগঠনের মানবিক উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে শিশু ও সমাজকল্যাণে আরও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করেছে সহযোগী সংস্থা ‘আমান’।