শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

বদলগাছীতে ক্লাসরুমের ওয়াল ধসে পড়ায় মাঠে পাঠদান

বদলগাছী প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
বদলগাছীতে ক্লাসরুমের ওয়াল ধসে পড়ায় মাঠে পাঠদান

নওগাঁর বদলগাছী সন্যাসতলা নাসরিন সিদ্দিকী উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্লাস রুমের ওয়াল ধসে পড়ায় দুর্ঘটনার আশঙ্কায় নিয়মিত ক্লাস নেওয়া হচ্ছে খোলা আকাশের নিচে স্কুল মাঠে। বিদ্যালয়ে পড়াশোনা ব্যাহত হয়ে পড়েছে। ক্লাসরুম সংকট ও ফাটল বেগতিক অবস্থা নিয়ে শিক্ষক, ছাত্রছাত্রীসহ অভিভাবকবৃন্দ উদ্বিগ্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুল মাঠে ক্লাস চলছে।


জানতে চাইলে শিক্ষার্থীরা জানায় তারা অষ্টম শ্রেণিতে পড়ে, সবাই বৃত্তি পরীক্ষা দিবে। প্রায় এক মাস থেকে মাঠে ক্লাস করছে। দেখলাম বারান্দায় একটি ক্লাস চলছে। শিক্ষক জানান, দুটি ক্লাসরুম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ক্লাসরুমের ভিতরে গিয়ে দেখলাম, একটি রুমের পিছনের ওয়াল ধসে পড়েছে। ঘরের মেঝে ভেঙে ডেবে গেছে। এছাড়া পুরো ওয়াল ফাটল ধরে নড়বড়ে অবস্থা। বাঁশের খুঁটি দিয়ে আটকে রাখা হয়েছে। যেকোন সময় ভেঙ্গে পড়ে প্রাণনাশের আশঙ্কা রয়েছে। বিদ্যালয়ের উত্তর পাশে পুকুর রয়েছে। বাঁশের খুঁটির দিয়ে ওয়ালটি আটকানোর চেষ্টা করা হয়েছে। তাতে কোন ফল হয়নি ওয়াল ধসে পড়েছে।


অষ্টম শ্রেণির শিক্ষার্থী শিমু কবিরাজ, নুসরাত জাহান নুপুর, প্রিয়ন্তি ঘোষ, সামিয়া সুলতানা জানান, রুম ভেঙ্গে পড়ছে। ফাটল ধরেছে ওই ক্লাসরুমে বসে থাকতে ভয় লাগে যদি ভেঙে পড়ে। মাঠে ক্লাস করছি কিন্তু বৃষ্টি আসলে ক্লাস ব্যাহত হয়। 


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, মাসুদ রানা জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই সরকারি কোন ভবন বরাদ্ধ পাওয়া যায়নি। বারবার শুধু আবেদন করেছি কিন্তু কোন সুনজর পড়েনি কারো। বিদ্যালয়ের ৩টি রুম ঝুঁকিপূর্ণ একটি রুমের ওয়াল ভেঙ্গে পড়ায় ক্লাস বাহিরে নিতে হচ্ছে।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোনে না পাওয়ায় তাঁর মতামত পাওয়া যায়নি। 


জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।