কুষ্টিয়ায় জমির বিরোধে ‘ভাইয়ের হাতে’ ভাই খুন
কুষ্টিয়ার দৌলতপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাইয়ের প্রাণ গেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারত সীমান্তসংলগ্ন বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান।
নিহত কৃষক ইমদাদুল হক বাদাল (৫২) স্থানীয় মৃত সুলতান বাদালের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দীর্ঘদিন ধরে পৈতৃক জমির ওপর দিয়ে রাস্তার সীমানা নির্ধারণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই বজলুর রহমান ধারালো হাসুয়া দিয়ে ছোট ভাই ইমদাদুলকে আঘাত করেন।
এতে ইমদাদুল গুরুতর জখম হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
ওসি খালেদুর বলেন, “জমির জেরে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
সোমবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের বড় ভাই বজলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
তথ্যসূত্র: বিডিনিউজ