জরিমানার জেরে কৃষি কর্মকর্তাকে পেটালেন সার ব্যবসায়ী
পিরোজপুরের নাজিরপুরে অবৈধ সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয় এক ব্যবসায়ীকে। এ ঘটনার জেরে দায়িত্ব পালনকারী এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দীঘিরজান বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
এদিকে, ভুক্তভোগী উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক এ ঘটনায় বাদী হয়ে অভিযুক্ত মো. বাবুল মোল্লার বিরুদ্ধে নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত বাবুল মোল্লা দীর্ঘদিন ধরে দীঘিরজান বাজারে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে সার বিক্রি করছিলেন। মঙ্গলবার বিকেলে নাজিরপুর উপজেলা কৃষি অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিবের যৌথ নেতৃত্বে দীঘিরজান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ওই অভিযানে দায়িত্ব পালন করছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক।
অভিযানকালে বাবুল মোল্লার দোকান ও গুদামে তল্লাশি চালিয়ে ২ বস্তা ইউরিয়া, সাড়ে ৩ বস্তা ডিএপি, এক বস্তা এমওপি এবং পাঁচ বস্তা টিএসপি সার উদ্ধার হয়। অননুমোদিতভাবে সার বিক্রির অপরাধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব সার ব্যবসায়ী বাবুল মোল্লাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান শেষে বিকেল আনুমানিক সোয়া ৫টার দিকে উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক বাজারে ব্যক্তিগত কেনাকাটা করতে যান। এসময় বাবুল মোল্লা তার পথরোধ করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতার অপরাধে তাকে ‘উচিৎ শিক্ষা’ দেওয়ার হুমকি দিয়ে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। হামলায় ওই কর্মকর্তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত কর্মকর্তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয় জানতে অভিযুক্ত বাবুল মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নাজিরপুর উপজেলা কৃষি অফিসার ইশরাতুন্নেছা এশা বলেন, “পূর্ব অভিযোগের ভিত্তিতে লাইসেন্সহীন সার বিক্রির অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে বাবুল মোল্লাকে জরিমানা ও সার জব্দ করা হয়। অভিযানে তিনি আমার সঙ্গেও অসদাচরণ করেন। পরে আমরা ঘটনাস্থল ত্যাগ করলে তিনি আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল মল্লিকের ওপর লাঠি দিয়ে হামলা চালান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনি ব্যবস্থা প্রক্রীয়াধীন।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব জানান, “শুনেছি, ওখান থেকে অভিযান শেষে চলে আসার পরে আমাদের কৃষি অফিসের এক কর্মকর্তাকে অভিযুক্ত ব্যক্তি মারধর করেছেন। এ বিষয়ে আমরা বুধবার (১৪ অক্টোবর) অফিস খোলার পরে সবাই মিলে বসে একটি সিদ্ধান্ত নেব।”
তথ্যসূত্র: রাইজিংবিডি