এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
১৮ বছরে রেল খাতে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করা হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এ সময়ে রেল খাতে অর্থের অপচয় ও লুটপাট হয়েছে। ফলে রেল যে অগ্রগতির পথে থাকার কথা ছিল, তা হয়নি বরং অনেক ক্ষেত্রে রেল ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে, কোথাও পিছিয়ে গেছে, আবার কোথাও ধ্বংস হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুরের রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, রেলের সেবার মান সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হয়নি। ১৮ বছর সরকার পরিচালিত হলেও রেল খাতের যথাযথ উন্নয়নে কার্যকর নজরদারি ছিল না। এখন সেই অবস্থা থেকে উত্তরণের চেষ্টা চলছে। তবে রেল খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে কিছুটা সময় লাগবে।
তিনি আরও বলেন, রেলযাত্রীদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। রেলব্যবস্থাকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান তৎপর রয়েছেন।
পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ,রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।