পাথর ছুড়ে পুলিশকে হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই
গাজীপুরের টঙ্গীতে রেললাইনের পাথর নিক্ষেপ করে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাসুদ নামে এক কনস্টেবল আহত হয়েছেন। পুলিশ ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কেরানীরটেক এলাকার একটি বস্তিতে অভিযান চালায়। এ সময় রাহুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, তার বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর রাহুলকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকার ভেতর দিয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে কয়েকজন ব্যক্তি পুলিশের গতিরোধ করে এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে হামলাকারীরা রেললাইনের ওপর থাকা পাথর তুলে পুলিশ সদস্যদের দিকে ছুড়তে শুরু করে। পাথরের আঘাতে মাসুদ নামে পুলিশের এক কনস্টেবল আহত হন। এ সময় পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধস্তাধস্তির সৃষ্টি হয়। এর মধ্যেই হাতকড়াসহ রাহুলকে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেন। পরে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, “পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে কয়েকজন ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে রেললাইনের পাথর নিক্ষেপ করে। এতে কনস্টেবল মাসুদ আহত হন। হামলার সুযোগে আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”
তথ্যসূত্র: রাইজিংবিডি