বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পাকিস্তানে পুলিশের চেকপোস্টে বোমা হামলায় নিহত ১১

সোনার দেশ ডেস্ক ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৫ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৫ অপরাহ্ন
পাকিস্তানে পুলিশের চেকপোস্টে বোমা হামলায় নিহত ১১
এলাকাটি খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তের কাছাকাছি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের ডেরা ইসমাইল খানের দারাজিন্দার কাছে একটি পুলিশ তল্লাশি চৌকিতে (চেকপোস্ট) বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। শনিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন।


নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে বলে ‘রেসকিউ ১১২২’ জানিয়েছে। উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার করছে।


পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ডিআই খান-কোয়েটা সড়কের ওপর মুঘল কোট ও দারাজিন্দার কাছে অবস্থিত আমান মেলা তল্লাশি চৌকিতে। এলাকাটি খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তের কাছাকাছি। ডিআই খান-কোয়েটা রুটে নিরাপত্তা ও তল্লাশির কাজে পুলিশ এই তল্লাশি চৌকিটি ব্যবহার করে থাকে। বিস্ফোরণের ধরন ও কারণ নির্ণয়ের জন্য ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দলকে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পুলিশ ও কাস্টমস সদস্য এবং দুজন সাধারণ নাগরিক রয়েছেন।


এ পর্যন্ত ২০ জন আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য দারাজিন্দার চিকিৎসা কেন্দ্র এবং ডিআই খানের মুফতি মাহমুদ হাসপাতালে পাঠানো হয়েছে।


সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়ায় (কেপি) সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করা হচ্ছে; এর ফলে কর্তৃপক্ষ সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে।


এর আগে চলতি মাসের শুরুর দিকে পুলিশ জানিয়েছিল, তারা ডিআই খানের দারাবান এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি)-এর সন্ত্রাসীদের একটি হামলা নস্যাৎ করেছে। ওই ঘটনায় পুলিশ সদস্যদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


‘পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’ (পিআইসিএসএস)-এর মাসিক তথ্য অনুযায়ী, মূল খাইবার পাখতুনখোয়া অঞ্চলে (একীভূত জেলাগুলো বাদে) জুলাই মাসে ৩৬টি সন্ত্রাসী হামলার তুলনায় আগস্ট মাসে ৫৪টি হামলার ঘটনা ঘটেছে, যা ৫০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।


তথ্যসূত্র: রাইজিংবিডি