জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন পেতে ভারতের পক্ষ নিলো রাশিয়া
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) স্থায়ী সদস্যপদে ভারতের প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে, পশ্চিমা দেশগুলোর জন্য অতিরিক্ত স্থায়ী আসন বরাদ্দের বিরোধিতা করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্যে দেন সের্গেই ল্যাভরভ। নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের প্রশ্নে জার্মানি ও জাপানের সমালোচনা করে এর বিপরীতে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব আরও বাড়ানোর পক্ষে মত দেন তিনি।
নিরাপত্তা পরিষদের সংস্কার প্রসঙ্গে ল্যাভরভ বলেন, নিরাপত্তা পরিষদের সংস্কারের অংশ হিসেবে পশ্চিমা দেশগুলোর জন্য কোনো অতিরিক্ত স্থায়ী আসন বরাদ্দ করা যাবে না। বিশেষ করে জার্মানি ও জাপানের জন্য নয়, যারা এখন সামরিকতাবাদের পথে এগোচ্ছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে। আমরা স্থায়ী সদস্যপদের জন্য ব্রাজিল ও ভারতের প্রার্থিতাকে সমর্থন করি।
তিনি আরও বলেন, একই সঙ্গে আফ্রিকা মহাদেশের স্বার্থও আমাদের পূরণ করতে হবে।
তথ্যসূত্র: জাগোনিউজ