বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

কমছে কাজের সময়, বাড়ছে বেতনসহ ছুটি!

সোনার দেশ ডেস্ক ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৭ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
কমছে কাজের সময়, বাড়ছে বেতনসহ ছুটি!

ব্রাজিলের শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের লড়াই অবশেষে এক ঐতিহাসিক সাফল্যের মুখ দেখল। টানা ছয় দিন হাড়ভাঙা খাটুনির পর মাত্র এক দিন ছুটি পাওয়ার ক্লান্তিকর ‘৬দ্ধ১’ কর্মপদ্ধতি বাতিলের পক্ষে রায় দিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজ। এই নিয়ম বদলে এবার সপ্তাহে পাঁচ দিন কাজ ও দুই দিনের সবেতন ছুটির পাশাপাশি সাপ্তাহিক কর্মঘণ্টা কমিয়ে ৪০ ঘণ্টায় নামিয়ে আনার একটি সাংবিধানিক সংশোধনী প্রস্তাব পাস হয়েছে। ভোটাভুটিতে প্রস্তাবটি বিপুল সমর্থন পায়; দ্বিতীয় দফায় পক্ষে ভোট পড়ে ৪৬১টি এবং বিপক্ষে মাত্র ১৯টি। নিম্নকক্ষের অনুমোদন পাওয়ার পর চূড়ান্ত পর্যালোচনার জন্য বিলটি এখন সিনেটে পাঠানো হচ্ছে।


এই পরিবর্তন যাতে এক ধাক্কায় ব্যবসা ও অর্থনীতিতে বড় কোনও ধাক্কা না দেয়, সেজন্য ধাপে ধাপে তা বাস্তবায়নের একটি রূপরেখা তৈরি করা হয়েছে। সংশোধনীটি কার্যকর হওয়ার দুই মাসের মাথায় দেশের শ্রম আইনের আওতাভুক্ত কর্মীরা সপ্তাহে দুই দিনের সবেতন ছুটি পাওয়ার অধিকার পাবেন, যার মধ্যে এক দিন অগ্রাধিকার ভিত্তিতে রবিবার হতে হবে। একই সময়ে সর্বোচ্চ সাপ্তাহিক কাজের সময় ৪৪ ঘণ্টা থেকে কমে ৪২ ঘণ্টায় নামবে। এর ঠিক ১৪ মাসের মাথায় পাকাপাকিভাবে সাপ্তাহিক কর্মঘণ্টা ৪০ ঘণ্টায় নামিয়ে আনা হবে। তবে শ্রমজীবী মানুষের স্বার্থের কথা ভেবে আইনে স্পষ্ট বলা হয়েছে, কাজের সময় কমানোর অজুহাতে কারও বেতন বা মজুরি কোনওভাবেই কাটা যাবে না।


তবে স্বাস্থ্য, নিরাপত্তা, পরিবহণ বা পরিচ্ছন্নতার মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে যৌথ চুক্তির মাধ্যমে কাজের সময় নির্ধারণে কিছু শিথিলতা রাখা হচ্ছে। পাশাপাশি উচ্চশিক্ষিত এবং নির্দিষ্ট অঙ্কের বেশি আয় করা কর্মকর্তাদের ক্ষেত্রে এই নিয়মের কিছু ব্যতিক্রম থাকবে। যাতে ছোট ব্যবসায়ীরা হঠাৎ বিপাকে না পড়েন, সে জন্য বিশেষ ছাড় ও সহায়তামূলক ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে। অতিরিক্ত কাজের চাপে পিষ্ট হতে থাকা কর্মীদের শারীরিক ও মানসিক স্বস্তি ফিরিয়ে দিতে এবং কাজের বাইরে তাঁদের ব্যক্তিগত জীবনের কিছুটা সময় উপহার দিতে এই পদক্ষেপকে লাতিন আমেরিকার শ্রম ইতিহাসে এক যুগান্তকারী মোড় হিসেবে দেখা হচ্ছে।


তথ্যসূত্র : আজকাল অনলাইন