বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

দফায় দফায় পাক-আফগান সামরিক সংঘর্ষ!

সোনার দেশ ডেস্ক ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন
দফায় দফায় পাক-আফগান সামরিক সংঘর্ষ!
ছবিঃ সংগৃহীত।

শনিবার রাত থেকে খাইবার পাখতুনখোয়ার কারাম সীমান্তে দফায় দফায় সংঘর্ষ। আফগান তালিবান এবং পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ভারী গুলির লড়াই শুরু হয়েছে ওই এলাকায়। পাকিস্তানি নিরাপত্তাবাহিনীর সূত্রে দাবি, সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের আফগানদের প্রচেষ্টা চেষ্টা ব্যর্থ হওয়ার পরই আফগান ভূখণ্ড থেকে কোনওরকম উস্কানি ছাড়াই শুরু হয় গুলিবর্ষণ। পাক সেনা চৌকি লক্ষ্য করেই চালানো হয় গুলি। এরপরই পাক বাহিনী পাল্টা হামলা চালায়। এর ফলে সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।


সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের নানগারহার ও পাক্তিয়া প্রদেশসংলগ্ন এলাকা থেকে কারাম সেক্টরে পাক সেনা চৌকি লক্ষ্য করে গুলি করে তালিবান বাহিনী। পাল্টা জবাবে পাক সেনাও কামান, মর্টার ও ভারী অস্ত্র নিয়ে আফগান সামরিক চৌকি এবং ডিফেন্স পজিশনগুলি লক্ষ্য করে জোরালো প্রত্যাঘাত করে। পাকিস্তানের দাবি, তাদের পাল্টা হামলায় নিজেদের অবস্থান ছেড়ে পালায় বেশ কয়েকজন আফগান তালিবান সদস্য।


পাক নিরাপত্তারক্ষীরা এর আগে দাবি জানান, ঘোষিত নিষিদ্ধ গোষ্ঠী ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি)—যাদের ইসলামাবাদ ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ নামে অভিহিত করে—তাদেরই একদল জঙ্গি আফগান সীমান্ত টপকে কারাম সেক্টরে ঢোকার চেষ্টা করছিল। সেখানেই এরপর শুরু হয় গুলিবর্ষণ।


উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের সন্ত্রাসবাদী হামলা এবং পাকিস্তানে তাদের দেশে অনুপ্রবেশের চেষ্টা ক্রমাগত বেড়েই চলেছে। অন্যদিকে কাবুলের তালিবান সরকার এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। জানিয়েছে, কোনওভাবেই তাদের ভূখণ্ডে কোনওরকম সন্ত্রাসবাদী কার্যকলাপকে মদত দেওয়া হয়না।


প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের যুদ্ধবিমান আকাশপথে হামলা চালিয়ে জঙ্গিদের একাধিক আস্তানা গুঁড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিল। তবে সেই হামলায় বহু সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে দাবি করে পাকিস্তানের তীব্র সমালোচনা করেছিল আফগান কর্তৃপক্ষ।


শনিবার রাতের এই সংঘর্ষের পর কারাম সীমান্ত এলাকাজুড়ে পাক সেনা চরম সতর্কতায় রয়েছে। দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, এই ঘটনায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করা হচ্ছে।


তথ্যসূত্র: আজকাল অনলাইন