বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি ভুগছে পাকিস্তানই! প্রকাশ্যে রিপোর্ট

সোনার দেশ ডেস্ক ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৯ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৯ অপরাহ্ন
সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি ভুগছে পাকিস্তানই! প্রকাশ্যে রিপোর্ট

ধর্মান্ধতা, জেহাদের নামে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার ফল ভুগছে পাকিস্তান। ভেঙে পড়েছে সে দেশের অর্থনীতি। এবার একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা জানাল, ২০২৫ সালে সন্ত্রাসবাদের কারণে সবচেয়ে বেশি ভুগেছে পাকিস্তানই! জঙ্গি হামলা, তৎসহ ক্ষয়ক্ষতি ও হতাহতের নিরিখ এই রিপোর্ট প্রকাশ করেছে ইনস্টিটিউট অফ ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) নামের গবেষণা সংস্থাটি। চাঞ্চল্যকর এই রিপোর্ট সামনে আসতেই বিস্ফোরক মন্তব্য করলেন আমেরিকায় পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত। তিনি মন্তব্য করেন, ঘরে কালসাপ পোষার ফুল ভুগছে ইসলামাবাদ।


আইইপি-র প্রকাশ করা সন্ত্রাসবাদে ভোগা দেশগুলির তালিকার ছবি দিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন আমেরিকায় পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত হুসেন হাক্কানি। তিনি লিখেছেন, ‘‘নিজের বাড়ির পিছনে সাপ রাখলে এই হয়! এক দিন বাড়ির লোকদেরও সেই সাপ কামড়ায়। ৫০ বছর আগে কট্টরপন্থী জেহাদিদের অস্ত্র জুগিয়েছিল। এখন পাকিস্তানই সন্ত্রাসবাদের ফল সবচেয়ে বেশি ভুগছে। কেউ কি শিক্ষা নিতে চায়?’’ হাক্কানির এই মন্তব্য শুনে মনে হতে পারে দিল্লির প্রতিক্রিয়া বুঝি। ‘ফ্রাঙ্কেস্টাইন’ সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে পাকিস্তানকেই, বিশ্বমঞ্চে একথা বারবার উল্লেখ করেছে ভারত।


‘গ্লোবাল টেররিজম ইনডেক্স, ২০২৬’ তৈরি করা হয়েছে কোন দেশে কতগুলি জঙ্গি হামলা হয়েছে, এর জেরে কতজনের মৃত্যু হয়েছে, কতজন পণবন্দি হয়েছেন এবং অন্যান্য ক্ষয়ক্ষতির নিরিখে। ওই রিপোর্ট অনুসারে ২০২৫ সালে পাকিস্তানে সন্ত্রাস হামলা হয়েছে ১,০৪৫টি। নিহত হয়েছেন ১,১৩৯ জন। পণবন্দি করা হয়েছে ৬৫৫ জনকে। রিপোর্টে বলা হয়েছে ২০১৩ সালের পর থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ হুড়মুড় করে বাড়ছে পাকিস্তানে।


আইইপির রিপোর্ট বলছে, সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি রক্তাক্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশ। গোটা দেশে সন্ত্রাসবাদীদের হাতে যত জনের মৃত্যু হয়েছে, তার ৬৭ শতাংশ হয়েছে ওই প্রদেশে। নেপথ্যে গত দেড় দশকে পাকিস্তানে সব থেকে বেশি সক্রিয় বিদ্রোহী সংগঠন তেহরিক-এ তালিবান পাকিস্তান বা টিটিপি। রিপোর্টে ইঙ্গিত, ২০২১ সালে আফগানিস্তানে তালিবান শাসন ফেরার পরে খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাস হামলা বেড়েছে। সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে জঙ্গি লেলিয়ে দেওয়া পাকিস্তানই এখন সন্ত্রাসবাদে জর্জরিত। এটাই হয়তো ধর্মন্ধতা ও জেহাদের নামে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার ফল।


তথ্যসূত্র : সংবাদ প্রতিদিন অনলাইন