এআই দিয়ে কুমিরের ভুয়া ছবি, সিঙ্গাপুরে যুবক অভিযুক্ত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে কুমিরের ভুয়া ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সিঙ্গাপুরে মিয়ানমারের এক নাগরিককে আদালতে অভিযুক্ত করা হয়েছে। ওই ছবির কারণে একটি জলাধারে কুমির খুঁজতে অভিযান চালাতে হয়েছিল কর্তৃপক্ষকে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ৩০ বছর বয়সী ইয়ে লিনের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো এবং বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার দুটি অভিযোগ আনা হয়। আদালতে দোভাষীর মাধ্যমে তিনি দোষ স্বীকার করতে চান বলে জানিয়েছেন।
পুলিশের অভিযোগ, গত ২০ আগস্ট ইয়ে লিন সিঙ্গাপুরের পানডান জলাধারে একটি কুমির রয়েছে, এমন একটি ছবি এআই দিয়ে তৈরি করে এক সহকর্মীর কাছে পাঠান।
ছবিটির খবর পাওয়ার পর সিঙ্গাপুরের জাতীয় পানি সংস্থা পিইউবি এবং ন্যাশনাল পার্কস বোর্ড সেখানে কুমির খোঁজা ও ধরার অভিযান শুরু করে।
জলাধারে নৌকা চালানোসহ পানিতে সব ধরনের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
পরদিন ২১ আগস্ট পিইউবি জানায়, ছবিটি ভুয়া বলে নিশ্চিত হওয়া গেছে।
এরপর কুমির খোঁজার অভিযান বন্ধ করা হয় এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। ২২ আগস্ট থেকে জলাধারে পানির কার্যক্রম আবার চালু হয়।
আদালতের নথি অনুযায়ী, ইয়ে লিন পরে নিজের ফোন থেকে এআইয়ে তৈরি ছবিগুলো এবং জেমিনি এআই অ্যাপের কার্যক্রমের তথ্য মুছে ফেলেন। এই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সিঙ্গাপুরের আইনে ভুয়া তথ্য পাঠানোর অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ১০ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
ইয়ে লিনের মামলাটি আগামী ১০ নভেম্বর আবার আদালতে উঠবে।
তথ্যসুত্র: বিবিসি, বাংলানিউজ