ইরানি নৌকায় ৩০০০ কোটির মাদক পাচার! গুজরাট উপকূলে গ্রেপ্তার ৫ পাকিস্তানি
বড়সড় মাদক পাচার চক্রের পর্দাফাঁস। ৩০০০ কোটি টাকার মাদক-সহ গুজরাট উপকূল থেকে গ্রেপ্তার করা হল ৫ পাকিস্তানি নাগরিককে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। উপকূলরক্ষী বাহিনীর তরফে জানা গিয়েছে, আরব সাগরে ইরানি নৌকা ব্যবহার করে গুজরাট উপকূলে এই মাদক পাচারের ছক ছিল তার আগেই হাতেনাতে পাকড়াও হয় অপরাধীরা।
সূত্রের খবর, ইরানের এক নৌকা গুজরাট উপকূলের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। এরপরই সেটিকে ধাওয়া করে উপকূলরক্ষী বাহিনী। পরিস্থিতি বেগতিক দেখে পালানোর চেষ্টা করে নৌকাটি। এই অবস্থায় নৌকাটিকে ধাওয়া করে সেটিকে ধরে ফেলা হয়। তল্লাশি চালিয়ে নৌকা থেকে ৫২৬ কেজি হেরোইন ও মেথামফেটামাইন উদ্ধার হয়েছে। যার আন্তর্জাতিক বাজারমূল্য ৩ হাজার কোটি টাকা। নৌকায় থাকা ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সকলেই পাকিস্তানের নাগরিক বলে জানা গিয়েছে।
তল্লাশি চালিয়ে নৌকা থেকে ৫২৬ কেজি হেরোইন ও মেথামফেটামাইন উদ্ধার হয়েছে। যার আন্তর্জাতিক বাজারমূল্য ৩ হাজার কোটি টাকা। নৌকায় থাকা ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গুজরাট ওটিএসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর ছিল, গুজরাট উপকূলে মাদক পাচারের চক্রান্ত করছে দুষ্কৃতীরা। সেই খবর পেয়েই অভিযান চালায় উপকূলরক্ষী বাহিনী। তখনই নজরে আসে ইরানের ওই নৌকা। সেটিকে আটক করার পাশাপাশি ৫ জন পাক নাগরিক ও ৩ হাজার কোটির মাদক উদ্ধার করা হয়েছে। সমুদ্র পথে মাদক ও চোরাচালান রুখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। জলপথের পাশাপাশি হেলিকপ্টারেও চলছে নজরদারি।
উল্লেখ্য, গত মে মাসেই গুজরাট উপকূল থেকে ১১৫০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছিল উপকূলরক্ষী বাহিনী। সেই সময়েও পাঁচ পাকিস্তানিকে গ্রেফতার করা হয়। তার আগে ২২০০০ কোটি টাকার মাদক ধরা পড়ে রাজ্যের পোরবন্দরের কাছে।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন