বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ট্রাম্পের সঙ্গে ফের ফোনে কথা বললেন মোদী, কী কথা হলো?

সোনার দেশ ডেস্ক ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন
ট্রাম্পের সঙ্গে ফের ফোনে কথা বললেন মোদী, কী কথা হলো?
(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)।

ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদী নিজেই সমাজমাধ্যমে এক পোস্টে এ কথা জানিয়েছেন।


এক্স পোস্টে মোদী লিখেছেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেছি। বৃহত্তর আন্তর্জাতিক পরিসরে কৌশলগত অংশীদারিকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে আমরা একমত হয়েছি।’’ এর পরেই প্রধানমন্ত্রীর মন্তব্য, ‘‘আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করেছি। যার মধ্যে বিশ্বশান্তি ও নিরাপত্তার অগ্রগতির ক্ষেত্রে ধারাবাহিক প্রচেষ্টাও রয়েছে।’’


বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, রাশিয়া থেকে তেল কেনার উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং নয়াদিল্লি-ওয়াশিংটন দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা। পাশাপাশি, আলোচনায় এসেছে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিও। ঘটনাচক্রে, ইরানের পড়শি দেশ ইরাক থেকে আমেরিকার সেনা প্রত্যাহারপর্ব সাঙ্গ হওয়ার দিনেই মোদী ও ট্রাম্পের কথা হল। সম্প্রতি মার্কিন কংগ্রেসের দুই কক্ষে পাশ হওয়া ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া এবং ইরান অ্যাক্ট অফ ২০২৬’ শীর্ষক বিল ট্রাম্প সরকার কার্যকর করলে রাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় পণ্যের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারে ওয়াশিংটন। বর্তমানে ভারতের পণ্যের উপর আমেরিকার শুল্কের পরিমাণ ১২ শতাংশের কাছাকাছি। এই পরিস্থিতিতে ট্রাম্পকে মোদীর ফোন ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন

কূটনীতি পর্যবেক্ষকদের একাংশ।

তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন