বড়পুকুরিয়া খনিতে আড়াই মাস পর কয়লা উত্তোলন শুরু
আড়াই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির নতুন ফেইজ থেকে আবারো কয়লা উত্তোলন শুরু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে খনিটির ১৪০৫ নম্বর ফেইজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন এই ফেইজ থেকে প্রায় আড়াই লাখ মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কয়লা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনির উপমহাব্যবস্থাপক (প্রোডাকশন অ্যান্ড কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট) আ স ম ইফতেখার আলম চৌধুরী।
খনি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। এরপর শুক্রবার রাত থেকে পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়।
এর আগে, চলতি বছরের ৩ আগস্ট ১৩০৯ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শেষ হয়। ওই ফেইজ থেকে মোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল। পরে ফেইজটি বন্ধ করে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন ১৪০৫ নম্বর ফেইজে স্থানান্তর করা হয়। এ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় আড়াই মাস সময় লাগে।
এদিকে, খনির কোল ইয়ার্ডে বর্তমানে ৬ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। মজুত কয়লার পাশাপাশি নতুন ফেইজ থেকে উত্তোলিত কয়লার বড় অংশ খনিসংলগ্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হবে।
দীর্ঘ বিরতির পর নতুন ফেইজে কয়লা উত্তোলন শুরু হওয়ায় খনিতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। পাশাপাশি কয়লা উৎপাদন স্বাভাবিক হওয়ায় বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সরবরাহেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: রাইজিংবিডি