বুধবার, অক্টোবর ২১, ২০২৬

খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ

সোনার দেশ ডেস্ক ২০ অক্টোবর ২০২৬ ০৯:২২ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ২০ অক্টোবর ২০২৬ ০৯:২২ অপরাহ্ন
খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ

খুলনার তেরখাদায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।


মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কাটেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার তেরখাদা উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাইয়ের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবিরের ছেলের বাগবিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন কাটেঙ্গা বাজারে জড়ো হন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


খুলনা জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পি বলেন, এটি যুবদলের ঘটনা। এ কারণে জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন তেরখাদায় গেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন বলেন, তেরখাদায় রয়েছি। এখানকার পরিস্থিতি শান্ত আছে। পুরো বিষয়টি জেনে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।


খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তৎপরতার কারণে কোনও ধরনের দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন