শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটক

নওগাঁ ও মান্দা প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ ও মান্দা প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরছেন এমন প্রচার চালিয়ে নওগাঁর মান্দা উপজেলায় মাইকিং করার অভিযোগ উঠেছে আসলাম হোসেন টিপু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তারেক রহমান (১৬) এবং শহিদুল ইসলাম শহীদ (২৫) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। প্রচারণায় ব্যবহৃত একটি অটোচার্জারও জব্দ করা হয়েছে।


আটক তারেক রহমান উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলতৈড় গ্রামের রইছ উদ্দিন মোল্লার এবং শহিদুল ইসলাম শহীদ কাঁশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুল জলিল প্রামাণিকের ছেলে। পুলিশি অভিযানের সময় অটোচার্জারটির চালক কাবিল হোসেন পালিয়ে যান বলে জানা গেছে।


অভিযুক্ত আসলাম হোসেন টিপু (৩০) উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের গঙ্গারামপুর বাসাপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড় এলাকায় একটি অটোচার্জারে মাইকিং করে আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরছেন বলে প্রচার চালানো হয়। এ সময়ের প্রচারণার একটি ভিডিও ধারণ করে ‘আসলাম টিপু’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হয়।


প্রকাশ্যে এ ধরনের প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৭ সেকেন্ডের একটি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওটি নজরে আসার পর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় তারেক ও শহীদ নামে দুই তরুণকে আটক করা হয়েছে। প্রচারণায় ব্যবহৃত অটোচার্জারটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।


এদিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এমন ঘটনায় রাতেই মাঠে নামে মান্দা থানা পুলিশ। উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো: আসলাম হোসেন টিপুসহ কয়েকজন রাজশাহী-নওগাঁ জেলার সীমান্তবর্তি এলাকায় খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবে এই মর্মে ১৮ সেকেন্ডের একটি মাইকিং ভিডিও আপলোড করে। গতকাল (বৃহস্পতিবার) রাতে এই ভিডিও জেলা পুলিশের নজরে আসা মাত্র জেলা পুলিশ কাজ শুরু করে। 


তিনি আরো জানান, মাইকিং এর ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার করতে জোর পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া জেলায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা, কর্মী কিংবা সমর্থকরা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টির করার চেষ্টা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা বলে হুশিয়ারী প্রদান করেন এই কর্মকর্তা।