রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

গোপালগঞ্জে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত

সোনার দেশ ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন
গোপালগঞ্জে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত
দুর্ঘটনাকবলিত পিকআপ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় অটোভ্যানে থাকা বাবা ও তাঁর ছয় বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। আজ রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম রঞ্জু (৪৫)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে। নিহত শিশুর নাম সামিরা আক্তার (৬)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল মাছবাহী একটি পিকআপ। এ সময় বিপরীত দিক থেকে আসা মুকসুদপুরগামী একটি অটোভ্যানকে পিকআপটি চাপা দিয়ে চলে যায়। এতে অটোভ্যানে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন।


পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন