সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

ইরাকে ইরানের ড্রোন হামলা

সোনার দেশ ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন
ইরাকে ইরানের ড্রোন হামলা

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠী কোমালার সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার (২৪ অক্টোবর) রাতে বালিসান এলাকায় এ হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) স্থলবাহিনী।

রোববার (২৫ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা মেহরের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।


মেহরের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান কোমালাকে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর বেশ কয়েকটি ঘাঁটি ও প্রশিক্ষণশিবির রয়েছে। এসব স্থাপনা লক্ষ্য করে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে একাধিকবার হামলা চালিয়েছে তেহরান।


ইরানি কুর্দি গোষ্ঠীগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন দেয় বলে অভিযোগ রয়েছে। ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর ইরানের বিরুদ্ধে লড়াইয়ে এসব গোষ্ঠীকে অস্ত্র দেওয়ার বিষয়টিও বিবেচনা করেছিল ওয়াশিংটন।

তবে এর সম্ভাব্য বিরূপ পরিণতি নিয়ে উদ্বেগের কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।


এর আগে গত ১৭ জুলাই ইরাকের সুলাইমানিয়া শহরের কাছে হামলায় কোমালার নয় সদস্য নিহত হন। সাম্প্রতিক সময়ে গোষ্ঠীটির ওপর চালানো হামলাগুলোর মধ্যে ওই হামলাকে অন্যতম প্রাণঘাতী হিসেবে উল্লেখ করা হয়েছে।


তথ্যসূত্র: আল আরাবিয়া, বার্তা সংস্থা মেহর, বাংলানিউজ