সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

নির্বাচনে ফায়দা পেতে ইরানে হামলা চান নেতানিয়াহু, বাধা দিলেন সেনাপ্রধান

সোনার দেশ ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬ ০১:৩৭ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬ ০১:৩৭ অপরাহ্ন
নির্বাচনে ফায়দা পেতে ইরানে হামলা চান নেতানিয়াহু, বাধা দিলেন সেনাপ্রধান
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু/ ফাইল ছবি: ফেসবুক

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের আগে ইরান ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সেনাপ্রধান আইয়াল জামিরের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২। 


রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, প্রস্তাবিত একটি সামরিক অভিযান নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। ওই অভিযান ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সামরিক কর্মকর্তারা।


তবে কী ধরনের অভিযান চালানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, তা প্রতিবেদনে প্রকাশ করা হয়নি।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনের আগে ইরানকে ঘিরে উত্তেজনা বাড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হতে পারে বলে সামরিক সূত্রগুলো উদ্বেগ জানিয়েছে।


অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা চান সেনাপ্রধান

চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির প্রস্তাবিত অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা এবং রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে লিখিত আইনগত অনুমোদন চেয়েছেন।


সামরিক কর্মকর্তাদের আশঙ্কা, সংবেদনশীল এ সময়ে অভিযান চালানো হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের পাশাপাশি ভুল হিসাবের কারণে বড় ধরনের সংকটও তৈরি হতে পারে।


তবে নেতানিয়াহুর সঙ্গে সেনাপ্রধানের বিরোধের খবর অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী নিজেই। ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, তাদের মধ্যে কোনো সংঘাত নেই।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে নির্বাচনি উদ্দেশ্যে ইরান ইস্যু ব্যবহারের অভিযোগও প্রত্যাখ্যান করেছেন রাজনৈতিক কর্মকর্তারা।


ইরানের সরকার উৎখাতের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

একই সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে কাজ করতে তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

তবে চ্যানেল ১২-এর প্রতিবেদনে উল্লিখিত গোপন সামরিক অভিযানটি এ নির্দেশের সঙ্গে সম্পর্কিত কি না, তা নিশ্চিত করা হয়নি।


নেতানিয়াহুর দাবি, ইরান আবারও পারমাণবিক কর্মসূচি চালু করেছে। তিনি ইসরায়েলের আসন্ন নির্বাচনকে দেশটির অস্তিত্ব রক্ষার প্রশ্ন হিসেবে তুলে ধরেছেন।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ছবি প্রকাশ করেন নেতানিয়াহু। ছবিতে তেল আবিবের আকাশে পারমাণবিক বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়। ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে কী ধরনের বিপদ তৈরি হতে পারে, সে বিষয়ে সতর্ক করেন তিনি। 


নেতানিয়াহুর বিরুদ্ধে ভয় ছড়ানোর অভিযোগ

নেতানিয়াহুর এ ধরনের বক্তব্য ও ছবি প্রকাশের সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী রাজনীতিকেরা।বিরোধী নেতা গাদি আইজেনকট ও ইয়ার গোলান অভিযোগ করেছেন, নির্বাচনের আগে নেতানিয়াহু মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়াচ্ছেন।

তাদের অভিযোগ, ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগকে নির্বাচনি প্রচারে ব্যবহার করা হচ্ছে।

তবে নেতানিয়াহু ও তার রাজনৈতিক শিবির এ অভিযোগ অস্বীকার করেছে।


সূত্র: আনাদোলু এজেন্সি, জাগোনিউজ