রাজশাহীকে ইনিংস ও ১০৩ রানে হারিয়ে মৌসুমের প্রথম জয় ঢাকার
রাজশাহী বিভাগকে ইনিংস ও ১০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে ঢাকা বিভাগ। টানা তিন ম্যাচ ড্রয়ের পর চতুর্থ ম্যাচে এসে জয়ের স্বাদ পেল দলটি। অন্যদিকে, মৌসুমে প্রথম পরাজয়ের মুখ দেখল স্বাগতিক রাজশাহী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এনসিএলের চতুর্থ পর্বের ম্যাচের চতুর্থ ও শেষ দিনে রাজশাহীর দ্বিতীয় ইনিংস ২৫৬ রানে থেমে যায়। আগের দিনের ২১৫ রানের সঙ্গে আর ৪১ রান যোগ করতেই শেষ হয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ফলে ইনিংস ও ১০৩ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে ঢাকা। দিনের খেলা শুরু করেন আগের দিন অপরাজিত থাকা সাব্বির হোসেন ও মেহরাব হোসেন অহিন। সাব্বির ৬৪ এবং অহিন ২২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। দিনের শুরুতেই দলীয় স্কোরে কোনো রান যোগ না করেই ব্যক্তিগত ৬৪ রানে আউট হন সাব্বির। এরপর দলীয় ২৪০ রানে অহিন ৩৩ রান করে ফিরলে রাজশাহীর পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
রাজশাহীর পক্ষে শেষ দিকে সানজামুল নয়ন ২৭ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে ঢাকা বিভাগের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭০.৪ ওভারে ২৫৬ রানে অলআউট হয় রাজশাহী। ঢাকার আমিনুল হক ৪৮ রান দিয়ে তিনটি উইকেট নেন। রিপন মণ্ডল ৬২ রানে এবং সুমন খান ৪১ রানে দুটি করে উইকেট শিকার করেন।
ম্যাচ শেষে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ঢাকা বিভাগের নাঈম শেখ। পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক এবং রাজশাহী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু।