ইথিওপিয়ায় পৃথক হামলায় নিহত ৬০
ইথিওপিয়ার সংঘাতকবলিত ওরোমিয়া অঞ্চলে গত সপ্তাহে দুটি পৃথক হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে ইথিওপিয়ান অর্থোডক্স চার্চ জানিয়েছে।
চার্চ কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্স জানিয়েছে, নিহতরা সবাই খ্রিস্টান ছিলেন, তবে তারা কীভাবে মারা গেছেন বা কারা এই হামলার পেছনে ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উত্তর তিগ্রাই অঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী জোটের সাথে যুক্ত একটি সূত্র এবং ওরোমিয়া আঞ্চলিক সরকার—উভয় পক্ষই এই হামলার জন্য একে অপরকে দায়ী করেছে।
ইথিওপিয়ান অর্থোডক্স তেওয়াহেদো চার্চের পবিত্র সিনড জানিয়েছে, ২০ অক্টোবর মের্তি ওরেদাতে ১৪ জন এবং ২৪ অক্টোবর শেরকা ওরেদাতে ৪৬ জন নিহত হয়েছেন।
সোমবার চার্চের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আরো বলা হয়, ২০টিরও বেশি ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় ২০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আঞ্চলিক সরকার কোনো প্রমাণ না দিয়েই দাবি করেছে, বিদ্রোহী জোট ধর্মীয় সংঘাত উসকে দেওয়ার উদ্দেশ্যে এই হামলাগুলো চালিয়েছে।
বিদ্রোহী জোটের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র—স্থানীয় দুই বাসিন্দার সঙ্গে কথোপকথনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ওরোমিয়া আঞ্চলিক সরকারই এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে।
ওরোমো লিবারেশন আর্মি নামক বিদ্রোহী গোষ্ঠী—যাদেরকে আঞ্চলিক সরকার অর্থোডক্স খ্রিস্টানদের ওপর পূর্ববর্তী হামলার জন্য দায়ী করেছে—তারা মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
তথ্যসূত্র: রাইজিংবিডি