বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

এবার আইফোনের জন্য বন্ধুকে গলাকেটে হত্যা

সোনার দেশ ডেস্ক ২৮ অক্টোবর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৮ অক্টোবর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন
এবার আইফোনের জন্য বন্ধুকে গলাকেটে হত্যা
আইফোনের জন্য বন্ধুকে হত্যার অভিযোগে গ্রেপ্তার সাদেক মিয়া (ডানে)

হবিগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর তারেক মিয়া (২২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বন্ধু সাদেক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, তারেকের কাছে থাকা আইফোন নিতে তাকে হত্যার কথা স্বীকার করেছেন সাদেক।


মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলার নবীগঞ্জ উপজেলার চৌশতপুর এলাকার একটি চায়ের দোকান থেকে সাদেক মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে লাখাই উপজেলার ফুলবাড়িয়া এলাকার একটি খাল থেকে তারেক মিয়ার মরদেহ উদ্ধার হয়।


নিহত তারেক নবীগঞ্জ উপজেলার চৌশতপুর এলাকার মারফত উল্লাহর ছেলে।  গ্রেপ্তার সাদেক একই এলাকার বাসিন্দা। তিনি নানু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার কাজের জন্য দুই বন্ধু লাখাই উপজেলার ফুলবাড়িয়া এলাকায় যান। সেখানে তারেকের কাছে থাকা একটি আইফোন নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারেককে গলাকেটে হত্যা করে মরদেহ একটি খালে ফেলে দেন এমনটি সাদেক স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


এদিকে, তারেক নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা শুক্রবার নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে তারেকের বন্ধু সাদেককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় বলে জানায় পুলিশ।


নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদেক মিয়া আইফোন নেওয়ার উদ্দেশ্যে তারেককে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশকে জানিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলবাড়িয়া এলাকার একটি খাল থেকে তারেকের মরদেহ উদ্ধার করা হয়।


তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধার হয়। গত ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সনন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন স্থানে তার মরদেহ পাওয়া যায়।


এ ঘটনায় ২১ সেপ্টেম্বর আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নিতে তাকে পরিকল্পিতভাবে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করার তথ্যও জানিয়েছেন তিনি।


অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তাররা হলেন- সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ ও মো. কামরুল হাসান। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল সিয়াম নামে এক কিশোরকে।


তথ্যসূত্র: রাইজিংবিডি