ভোটার তালিকা সংশোধনে ১৫০ কর্মকর্তা নিয়োগ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকার ভুল সংশোধন এবং দাবি-আপত্তি নিষ্পত্তিতে ১৫০ জন সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এ কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসির যুগ্মসচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৬৪ জেলা ও ক্যান্টনমেন্ট এলাকায় এসব কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে তাদের পদবি ও নির্ধারিত অধিক্ষেত্র উল্লেখ করা হয়েছে।
ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত তথ্যভান্ডারে নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্ত করা হবে।
এ লক্ষ্যে খসড়া ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি, আপত্তি ও তথ্য সংশোধনের আবেদন নিষ্পত্তিতে সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত আবেদন যথাক্রমে ফরম-৬, ফরম-৭ ও ফরম-৮-এ জমা দিতে হবে।
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ নভেম্বর। এসব আবেদন নিষ্পত্তি করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে। আবেদনগুলোর বিষয়ে গৃহীত সিদ্ধান্ত তালিকায় সন্নিবেশের শেষ তারিখ ২৪ নভেম্বর।
আগামী ২৫ নভেম্বর হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
তথ্যসূত্র: রাইজিংবিডি