বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

হুমকির অভিযোগে বন্ধ সার ডিলারের দোকান খুলল পুলিশের উপস্থিতিতে

নিজস্ব প্রতিবেদক ২৭ অক্টোবর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৭ অক্টোবর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
হুমকির অভিযোগে বন্ধ সার ডিলারের দোকান খুলল পুলিশের উপস্থিতিতে

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজারে হুমকির অভিযোগে বন্ধ থাকা সার ডিলারের দোকান পুলিশের উপস্থিতিতে খুলেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় দোকান খোলেন ডিলার সাইদুর রহমান। এর আগে বিএনপি ও যুবদলের দুই নেতা কারাগারে যাওয়ার পর তাঁদের অনুসারীদের হুমকির আশঙ্কায় দোকান বন্ধ রেখেছিলেন বলে অভিযোগ করেন তিনি।


দোকান খোলার পর সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন মুঠোফোনে ডিলার সাইদুর রহমান ও পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শান্তিপূর্ণ পরিবেশে সার বিক্রি শুরু হয়।


সাইদুর রহমান হরিয়ান বাজারের সাইদুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অনুমোদিত সার ডিলার। তাঁর অভিযোগ, গত সোমবার (২৬ অক্টোবর) একটি মামলায় হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রজব আলী ও যুবদল নেতা মো. আব্দুস সালাম কারাগারে যাওয়ার পর তাঁদের অনুসারীরা দোকান বন্ধ রাখার হুমকি দেন। এ কারণে মঙ্গলবার সকালে দোকান খোলেননি তিনি।


সাইদুর রহমান বলেন, দোকান বন্ধ রাখার হুমকির বিষয়টি সংসদ সদস্য শফিকুল হক মিলন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন। পরে মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন তাঁকে ফোন করে দোকান খুলতে বলেন। এরপর বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় দোকান খোলেন তিনি।


পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন বলেন, সার বিতরণের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এ নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় দলের নেতাদের মধ্যে আলোচনা হয়েছিল। পরে সংসদ সদস্য শফিকুল হক মিলনের নির্দেশনায় নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে ডিলারকে দোকান খুলতে সহযোগিতা করা হয়। সরকারি নিয়ম মেনে সার বিক্রি এবং কৃষকের ভোগান্তি এড়ানোর বিষয়েও ডিলারকে সতর্ক করা হয়েছে।


স্থানীয় ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার সকালে দোকানটি বন্ধ ছিল। রজব আলীর অনুসারীদের নিয়ে বিরোধের আশঙ্কা এবং দোকান বন্ধের হুমকির কারণে ডিলার দোকান খোলেননি বলে তারা শুনেছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই দোকানের পাশে পুলিশ অবস্থান নেয়। পরে বেলা সাড়ে ১০টার দিকে দোকান খোলা হয়।


মামলার অভিযোগ অনুযায়ী, গত ৫ এপ্রিল সকাল ১১টার দিকে সাইদুর রহমানের দোকান থেকে তিনটি ভ্যানে করে ৩০ বস্তা ইউরিয়া সার কৃষকদের কাছে নেওয়া হচ্ছিল। কাটাখালী থানার আশরাফের মোড়ে পৌঁছালে রজব আলী, আব্দুস সালামসহ কয়েকজন ভ্যানগুলো আটকে দেন বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে সাইদুর রহমান সেখানে গেলে তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে মারধর করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। এ ঘটনায় ৬ এপ্রিল তিনি মামলা করেন।


বাদীপক্ষের আইনজীবী হামিদুল হক বলেন, গত ২৪ আগস্ট হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে আদালত আসামিদের ছয় সপ্তাহের মধ্যে রাজশাহীর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। মঙ্গলবার তারা আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ডিলারের করা মামলায় দুই আসামিকে আদালত কারাগারে পাঠিয়েছেন। সার ডিলারের দোকানের সামনে ঝামেলা হতে পারে—এমন আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় নতুন করে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।