বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

রাজশাহীতে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকবে ৮৯টি স্টল

তথ্যবিবরণী ২৭ অক্টোবর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
তথ্যবিবরণী ২৭ অক্টোবর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
রাজশাহীতে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকবে ৮৯টি স্টল

রাজশাহীতে আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা-২০২৬। রাজশাহী কালেক্টরেট মাঠে ৯ দিনব্যাপী এ মেলা চলবে ৬ নভেম্বর পর্যন্ত। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও সংস্থার মোট ৮৯টি স্টল থাকবে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিভাগীয় প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। লিখিত বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন।


সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হবে। এতে বাংলা একাডেমি, কবি নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।


আগামী ২৯ অক্টোবর বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ৬ নভেম্বর সন্ধ্যা ৬টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার।


মেলা প্রতিদিন কর্মদিবসে বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা প্রাঙ্গণে প্রতিদিন আলোচনা সভা, সেমিনার, বিভিন্ন প্রতিযোগিতা এবং রাজশাহী বিভাগের আট জেলার শিল্পকলা একাডেমি ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।


আয়োজকেরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে বই পড়ার অভ্যাস বাড়বে, সৃজনশীল প্রকাশনার বিকাশ ঘটবে এবং পাঠক, লেখক ও প্রকাশকদের মধ্যে যোগাযোগ জোরদার হবে। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত পরিচালক নাফেয়া লানা সরিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী ও বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।