বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. মাসুদ রেজা, সিরাজগঞ্জ ২৭ অক্টোবর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মো. মাসুদ রেজা, সিরাজগঞ্জ ২৭ অক্টোবর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ পৌর শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল-আমীন খান। সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মোরাদুজ্জামান মুরাদ। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।


বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করে আসছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে অধিকার আদায়ে কাজ করবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষায় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


সভাপতির বক্তব্যে আল-আমীন খান বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। যুবদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রেখে আসছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহাব। এ ছাড়া জেলা বিএনপির সহসভাপতি মো. নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, খ. ম. রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ ও মো. রাশেদুল হাসান রঞ্জনসহ বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকার মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।