দুই ছেলেকে উচ্চশিক্ষিত করে রেখে গেলেন শিক্ষক আব্দুল মালেক
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজশাহীর মোহনপুর উপজেলার মহব্বতপুর খানপুর ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহা. আব্দুল মালেক (৫০)। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার ও কলেজ সূত্রে জানা গেছে, আব্দুল মালেক দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক। ছোট ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অধ্যয়নরত।
তাঁর মৃত্যুতে মহব্বতপুর খানপুর ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কলেজের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান ও কলেজের সভাপতি অধ্যাপক কাজিম উদ্দিন এবং কলেজের অধ্যক্ষ শেখ মো. রেজাউল করিম পৃথকভাবে শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের নামাজে জানাজা তাঁর জন্মস্থান মোহনপুর উপজেলার সিংহমারা গ্রামে অনুষ্ঠিত হবে। তবে জানাজার সময় এখনো নির্ধারণ করা হয়নি। পরিবারের পক্ষ থেকে সময় জানানো হলে তা পরে অবহিত করা হবে।