শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬

চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি চাঁদ

চারঘাট প্রতিনিধি ০৫ নভেম্বর ২০২৬ ১০:৩২ অপরাহ্ন খেলা
চারঘাট প্রতিনিধি ০৫ নভেম্বর ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি চাঁদ

শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে বিকাশের সুযোগ তৈরি করতে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২। এর অংশ হিসেবে রাজশাহীর চারঘাটে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেছেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। এর আগে বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।


‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য এবং ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করা।


চারঘাটের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, চারঘাট পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকরা।


আয়োজকেরা জানান, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে দেশের ৬৪ জেলায় ১০টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করা হবে।