প্রথম দিনেই ২৬৬ রান তুলল বরিশাল
টানা দুই দিন মাঠ খেলার অনুপযুক্ত থাকায় বন্ধ থাকার পর তৃতীয় দিনে শুরু হয়েছে ২৮তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) পঞ্চম পর্বের খেলা। সোমবার (২ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করেছে বরিশাল বিভাগ।
সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক ইফতি। শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। দলীয় ২৯ রানে ২০ রান করা উদ্বোধনী ব্যাটার জায়াদ আবরার শাকিলের বলে তৌফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর অধিনায়ক ইফতি অপর উদ্বোধনী ব্যাটার রাফসানের সঙ্গে জুটি গড়েন। তবে দলীয় ৫৭ রানে ১৭ রান করা রাফসান আমিনুলের বলে শাকিলের হাতে ক্যাচ দেন।
তিন নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক ইফতি ৪৭ রান করে উইকেটরক্ষক শিবলীর হাতে ধরা পড়েন। দলীয় ১৫৯ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। এরপর ব্যাট করতে নেমে দলের হাল ধরেন আব্দুল্লাহ। তিনি ১০১ বলে ৬২ রান করে অপরাজিত রয়েছেন। শেষ দিকে তাকে দারুণ সঙ্গ দেন তানভীর। তিনি ১৩ বলে ১৯ রান করে অপরাজিত আছেন। এর মধ্যে তাইবুরের এক ওভারে মিডউইকেটের ওপর দিয়ে টানা তিনটি ছক্কা হাঁকান তানভীর।
আলোর স্বল্পতার কারণে ৭০ ওভার শেষে দিনের খেলা শেষ করেন আম্পায়াররা। ঢাকা বিভাগের বোলারদের মধ্যে বিপ্লব ৫৯ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। তৌফিক ৪৪ রানে ২টি এবং সুমন ৩৮, শাকিল ৪৭ ও আনামুল ৩৮ রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন।