শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬

রাজশাহীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-এস্কাফসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক ০৬ নভেম্বর ২০২৬ ১০:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৬ নভেম্বর ২০২৬ ১০:২৬ অপরাহ্ন
রাজশাহীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-এস্কাফসহ গ্রেপ্তার ৩

রাজশাহীর বাঘা ও চারঘাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে আগেও তিনটি মাদক মামলা রয়েছে।


পুলিশ জানায়, গত ৫ নভেম্বর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাঘা উপজেলার হামিদকুড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালায় জেলা ডিবি পুলিশের একটি দল। এ সময় জিনারুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি করে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি বাঘা উপজেলার গোচর গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে। এ সময় তাঁর সহযোগী সাগর (৪৫) পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


অন্যদিকে, শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চারঘাট উপজেলার চক মোক্তারপুর (সরকারপাড়া) গ্রামে অভিযান চালিয়ে রঞ্জয় মণ্ডল (৩৯) ও মাবুদ আলী (৩৯) নামের দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁদের কাছ থেকে ৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। রঞ্জয় ওই গ্রামের হীরেন মণ্ডলের ছেলে এবং মাবুদ আলী মৃত আমজাদ আলীর ছেলে।


পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মাবুদ আলীর বিরুদ্ধে চারঘাট থানায় আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে।


রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজন ও পলাতক সাগরের বিরুদ্ধে বাঘা ও চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর পৃথক দুটি মামলা করা হয়েছে।