লেখক ও গবেষক সাইফুদ্দীন চৌধুরীর স্মৃতিগ্রন্থের প্রকাশনা উৎসব
রাজশাহীতে লেখক ও গবেষক প্রফেসর ড. সাইফুদ্দীন চৌধুরীর স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘খেরো খাতার টুকরো স্মৃতি’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে রাজশাহী সাধারণ গ্রন্থাগারে কবিকুঞ্জের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কবিকুঞ্জের অন্যতম সহসভাপতি কবি বীথি মজিদা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার। লেখকের জীবন ও কর্ম নিয়ে জীবনীপাঠ করেন কবি শামীমা ডেইজী লিপি। গ্রন্থের নির্বাচিত অংশ পাঠ করেন কবি শাহনাওয়াজ প্রামাণিক সুমন ও কবি হাবিবুল ইসলাম তোতা।
গ্রন্থটি নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের মুখ্য আলোচক প্রফেসর মোস্তফা তারিকুল হাসান। আলোচনায় অংশ নেন প্রফেসর আবদুল্লাহ আল মামুন, প্রফেসর আনিসুজ্জামান মানিক, সফিউদ্দিন আহমেদ, প্রফেসর ড. দীপক দাস ও প্রফেসর আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবিকুঞ্জের কোষাধ্যক্ষ কবি আলমগীর মালেক। লেখক, গবেষক ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে প্রকাশনা উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।