রবিবার, নভেম্বর ০৮, ২০২৬

রাজশাহীতে তাইবুরের সেঞ্চুরি, ঢাকার সংগ্রহ ৩৬৮/৫

নিজস্ব প্রতিবেদক ০৭ নভেম্বর ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন খেলা
নিজস্ব প্রতিবেদক ০৭ নভেম্বর ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন
রাজশাহীতে তাইবুরের সেঞ্চুরি, ঢাকার সংগ্রহ ৩৬৮/৫

তাইবুর রহমানের দুর্দান্ত সেঞ্চুরি ও আমিনুল ইসলাম বিপ্লবের অপরাজিত অর্ধশতকে খুলনা বিভাগের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে ঢাকা বিভাগ। প্রথম দিনের খেলা শেষে ৯০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৬৮ রান করেছে ঢাকা। তাইবুর ১২৮ এবং বিপ্লব ৫৬ রান নিয়ে অপরাজিত আছেন।


শনিবার (৭ নভেম্বর) ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ পর্বের খেলায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ঢাকা ও খুলনা বিভাগের মধ্যকার ম্যাচের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক অংকন।


নিয়মিত উদ্বোধনী ব্যাটার নাঈম শেখের অনুপস্থিতিতে আনিসুল ইসলামের সঙ্গে ইনিংস শুরু করেন উইকেটরক্ষক শিবলী। উদ্বোধনী জুটিতে তাঁরা ৬৭ রান যোগ করেন। দলীয় ৬৭ রানে আনিসুলকে ফিরিয়ে জুটি ভাঙেন রাকিব। এরপর ফয়সাল সরকার রায়হানকে নিয়ে শিবলী দলের সংগ্রহ এগিয়ে নেন। ৭৫ রানে ফয়সাল আউট হওয়ার পর শিবলীও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ১৪২ ও ব্যক্তিগত ৫৬ রানে জীবন-এর বলে উইকেটরক্ষক ইমরানের হাতে ক্যাচ দেন তিনি।


এরপর মার্শাল আইয়ুব ও অধিনায়ক অংকন দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে ঢাকা। দলীয় ১৫০ রানে ৪ এবং ১৫৪ রানে ১ রান করে আউট হন তাঁরা। দুজনকেই ফিরিয়ে দেন সফর আলী।


এরপর তাইবুর ও ফয়সাল সরকার রায়হান দলের হাল ধরেন। দুজনের ব্যাটে বড় সংগ্রহের পথে এগোতে থাকে ঢাকা। ব্যক্তিগত ৭০ ও দলীয় ২২৪ রানে তামিমের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ফয়সাল। এরপর ক্রিজে এসে তাইবুরের সঙ্গে জুটি গড়েন আমিনুল ইসলাম বিপ্লব।


দিনের বাকি সময় আর কোনো উইকেট হারায়নি ঢাকা। তাইবুর ও বিপ্লবের অবিচ্ছিন্ন জুটিতে যোগ হয় ১৪৪ রান। তাইবুর ১২৮ এবং বিপ্লব ৫৬ রান নিয়ে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। খুলনার বোলারদের মধ্যে সফর আলী ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন। রাকিব ৮৭, তামিম ৫০ ও জীবন ৮৯ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন।